সন্ত্রাসী হামলায় গণজাগরণ মঞ্চের সংগঠক আহত
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সিলেটে প্রথম প্রতিবাদ কর্মসূচি পালনকারী জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সিলেটের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সহিদুজ্জামান সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত শনিবার রাতে তিনি নগরের জল্লারপাড় এলাকায় হামলার শিকার হন। আহত অবস্থায় রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দাশগুপ্ত বাদী হয়ে গত রোববার রাতে সিলেট কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে মামলা করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মামলা রেকর্ড ও ঘটনার তদন্ত শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্র ইউনিয়ন সূত্র জানায়, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সিলেটে ছাত্র ইউনিয়নের নেতা সহিদুজ্জামান ‘জাতীয় স্বার্থে আমরা তারুণ্য’ ব্যানারে ৮ জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেন। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় এটিই ছিল সিলেটে প্রথম প্রতিবাদ কর্মসূচি। এতে গণজাগরণ মঞ্চের সংগঠক-কর্মীরা ছাড়াও প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা একাত্ম হয়েছিলেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন সিলেটে প্রতিবাদী কর্মসূচি পালন শুরু করে।
গত শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছয়টি সংগঠনের সম্মিলিত মানববন্ধন কর্মসূচিতে স্লোগান দেওয়া নিয়ে একটি পক্ষের সঙ্গে সহিদুজ্জামানের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ১০টায় জল্লারপাড় এলাকায় সাত-আটজনের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা করে। এ সময় তাঁর সঙ্গে থাকা উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য অরূপ দাশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের খবর দিয়ে সহিদুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
সহিদুজ্জামান প্রথম আলোকে জানান, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় প্রথম প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর চক্ষুশূল হওয়ায় তাঁর ওপর হামলা করা হয়। তিনি চিকিৎসাধীন থাকায় হামলাকারীদের বিরুদ্ধে ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র ইউনিয়নের নেতা দীপঙ্কর বাদী হয়ে মামলা করেন। তিনি জানান, শামসুল, বাসিত ও আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হামলা হয়। তাৎক্ষণিকভাবে সাতজনকে চিহ্নিত করে মামলায় আসামি করা হয়েছে।
ছাত্র ইউনিয়নের জরুরি কর্মিসভা, গ্রেপ্তার দাবি: জেলা ছাত্র ইউনিয়ন গতকাল সোমবার বিকেলে জরুরি কর্মিসভা করে সহিদুজ্জামানের ওপর হামলাকারীদের ‘সাংস্কৃতিক অঙ্গনের দুর্বৃত্ত-সন্ত্রাসী’ অভিহিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বিকেলে জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মিসভায় ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতারা ঘটনা-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ দাবি জানান।
মতিউর রহমান বলেন, ‘হামলাকারীরা সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট হলেও এরা বিভিন্ন রাজনৈতিক দলের সুবিধাভোগী ব্যবসায়ী। সহিদুজ্জামানের ওপর হামলা করে দুর্বৃত্তরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাই ছাত্র ইউনিয়ন সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে সুবিধাভোগী ব্যবসায়ী দুর্বৃত্তদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’