সন্ত্রাসী হামলায় গলাচিপা উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র আহত
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ এবং দলের সহসভাপতি পৌর মেয়র ওহাব খলিফা একদল সন্ত্রাসীর অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে ফেরার পথে পটুয়াখালী শহরের মুসলিমপাড়া এলাকায় তাঁরা হামলার শিকার হন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশচন্দ্র কর্মকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আওয়ামী লীগের ওই দুই নেতাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।আহত ব্যক্তিরা জানান, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান শেষে বেলা সোয়া তিনটার দিকে তাঁরা রিকশায় করে লোহালিয়া খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে চার-পাঁচজন সন্ত্রাসী রড, লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত হারুন-অর-রশিদ অভিযোগ করেন, সাংসদ গোলাম মাওলা রনির শ্যালক মকবুলের নির্দেশে ওই হামলার ঘটনা ঘটে। গলাচিপায় নদী দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওই হামলা চালানো হয়। মুঠোফোনে যোগাযোগ করা হলে মকবুল এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।