সন্ত্রাসী হামলায় ছাত্র আহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাগ ডের শোভাযাত্রা থেকে রং ছিটানোকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে এক সন্ত্রাসী। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও একটি দোকানে ভাঙচুর চালান। পুলিশ এ ঘটনায় শহরের কাচারিপাড়া মহল্লার মিশুক (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসা প্রশাসন, গণিত ও কম্পিউটার সায়েন্স বিভাগের র‌্যাগ ডে উপলক্ষে বেলা ১১টার দিকে অস্থায়ী ক্যাম্পাস সদর উপজেলার রাজাপুর এলাকা থেকে শিক্ষার্থীরা ট্রাকযোগে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় শিক্ষার্থীরা একে অন্যের ওপর রং ছিটাচ্ছিলেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে অস্থায়ী ক্যাম্পাসের দিকে ফিরে যাওয়ার সময় পাবনা-ঢাকা মহাসড়কের দিলালপুর মহল্লায় কিছু যুবকের গায়ে রং লাগে। এতে ওই যুবকেরা একটি চায়ের দোকান থেকে শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করেন। শিক্ষার্থীরা প্রতিবাদ করতে এগিয়ে গেলে চায়ের দোকান থেকে তাঁদের ওপর গরম পানি ছুড়ে মারা হয়। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠলে আরও কয়েকজন যুবক তাঁদের দিকে এগিয়ে যান। তাঁদের মধ্যে একজন ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সহপাঠীরা তাঁকে উদ্ধার করে পাবনা সেবা হাসপাতালে ভর্তি করান। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে আসেন। তাঁরা বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা দিলালপুরে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ওই চায়ের দোকানটিতে ভাঙচুর চালান। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ পাহারায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর শিক্ষার্থীরা একই মহাসড়কের রাজাপুরে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত অবরোধ করেন। বেলা পৌনে তিনটার দিকে পুলিশ মিশুক নামের ওই যুবককে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই শোভাযাত্রা নিয়ে যাচ্ছিল। এ সময় কিছু উচ্ছৃঙ্খল যুবক তাঁদের উদ্দেশ করে বাজে কথা বললে এ ঘটনা ঘটে। আমরা শিক্ষার্থীদের শান্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।’