
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বরকতুল ইসলাম ওরফে অভি গাজী (২৭) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়ক এলাকায় বরকত মুখোশধারী সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি ঘটায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কলাপাড়া শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের মনিহারি পট্টিতে সমাবেশ করে তারা।
সন্ত্রাসীদের ওই হামলায় বরকতের সঙ্গে থাকা বন্ধু কোয়েলসহ (৩০), পথচারী আহম্মদ উল্লাহ (৩০) এবং হোটেল ব্যবসায়ী পপি বেগম (২৪) জখম হন। বরকতকে লক্ষ্য করে সন্ত্রাসীরা চল (সড়কি) নিক্ষেপ করলে হোটেল ব্যবসায়ী পপি বেগমের পিঠে বিদ্ধ হয়। পপি বেগম বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন।
কলাপাড়া থানার পুলিশ এবং স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, বরকত কয়েকজন বন্ধুসহ কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়ক এলাকার কালভার্ট-সংলগ্ন একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী হঠাৎ করে এসে বরকতের ওপর চড়াও হয়। হামলাকারী প্রত্যেকের মাথায় হেলমেট এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। সন্ত্রাসীরা বরকতকে লক্ষ্য করেই মূলত হামলা চালিয়েছে। তারা রামদা দিয়ে কুপিয়ে বরকতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। এ সময় কোয়েল বরকতকে রক্ষা করতে গিয়ে আহত হন। কোয়েলের শরীরের কয়েকটি স্থান রামদার কোপে জখম হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়ক এলাকায় বরকতের বাসায় গিয়ে দেখা যায়, বারবার মূর্ছা যাচ্ছিলেন তাঁর স্ত্রী ফাতেমা তুজ জোহরা। দুই বছরের মেয়ে অথইকে কোলে নিয়ে তিনি বিলাপ করছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আর কিছু চাই না, আমার স্বামী হত্যার বিচার চাই।’
টিয়াখালী ইউনিয়নের প্রভাবশালী গাজী বাড়ির সন্তান বরকত। তাঁর বাবা মো. কবির গাজী টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য। কবির গাজী অভিযোগ করেন, ‘তিন-চার দিন আগে থেকে আমাদের গাজী পরিবারের এক সদস্যের বাসায় এসব সন্ত্রাসীদের এনে রাখা হয়েছে। গাজী পরিবারের ওই সদস্যের ইন্ধন এবং নেতৃত্বে এ নির্মম ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করলেই সবকিছু পরিষ্কার হবে।’ তিনি এ ঘটনার জন্য গাজী পরিবারের সদস্য বাচ্চু গাজী, সুমন গাজীসহ কয়েকজনকে দায়ী করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী আহম্মেদ বলেন, ‘এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে টিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসমাইল হোসেনকে থানায় ডেকে আনা হয়েছে। তাঁর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। আমরা সেসব তথ্য যাচাই করে দেখছি।’
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ গতকাল বিকেলে বলেন, ‘আমরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে একজনকে চিহ্নিত করতে পেরেছি। বাকিদেরও দ্রুত খুঁজে বের করতে পারব। সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জোর চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’