রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আহত তিন ছাত্র হলেন: অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নজরুল ইসলাম, রাকিবুল ইসলাম ও চতুর্থ বর্ষের কাইয়ুম। তাঁদের মধ্যে নজরুলের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, নজরুল বৃহস্পতিবার ক্যাম্পাসসংলগ্ন কাজলা এলাকায় বাবুর চায়ের দোকানে এলে বাজেকাজলার আপেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। শনিবার সন্ধ্যায় নজরুল ক্যাম্পাসের মাঠে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় আপেলসহ সাত-আটজন তাঁকে প্রধান ফটকের সামনে ডেকে নিয়ে পিটুনি দেয়। তাঁর চিৎকার শুনে রাকিবুল ও কাইয়ুম এগিয়ে এলে তাঁদেরও লোহার রড ও লাঠি দিয়ে পেটানো হয়। এতে তাঁরা আহত হন। এ ঘটনায় আপেল ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে শিক্ষার্থীরা মতিহার থানায় মামলা করেছেন। প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।