সন্ত্রাসী হামলায় বিএনপি-ছাত্রদলের তিন নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে বিএনপি ও ছাত্রদলের তিনজন নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসীরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে বাজারে উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।হামলায় আহত ব্যক্তিরা হলেন আমিশাপাড়া ইউনিয়ন ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক মো. মানিক (২২) ও আনোয়ার হোসেন (২৩) এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৮)। এর মধ্যে গুরুতর আহত মানিককে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে, জহিরুলকে নোয়াখালী শহরের একটি ক্লিনিকে ও আনোয়ারকে ঢাকায় স্থানান্তর করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় আমিশাপাড়া বাজারের আল-নূর হোটেলে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত কয়েকটি অটোরিকশাযোগে জাকির, সুমন, সামছু, ইব্রাহিমসহ ১৪-১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে মানিকের ওপর হামলা চালায়। হামলা থেকে তাঁকে বাঁচাতে গিয়ে অন্য দুজনও হামলার শিকার হন। স্থানীয় ব্যক্তিরা জানান, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মী।সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর জানান, ঘটনার পর থেকে বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। তবে এ ঘটনায় এখনো বিএনপির পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।