সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত
ফরিদপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান ওরফে মুরাদ (৬২)। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আশরাফুজ্জামান একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। তিনি জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের যুগ্ম সম্পাদক এবং জেলা কৃষক লীগের সহসভাপতি। আশরাফুজ্জামানের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর আড়াইটার দিকে ছয়-সাতজন ব্যক্তি তাঁকে কোমরপুরের বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে আসেন। পরে রাস্তার ওপর এনে তাঁকে উপর্যুপরি পিটিয়ে আহত করা হয়। আহত আশরাফুজ্জামানকে উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর মোহামঞ্চদ বলেন, সন্ত্রাসী হামলায় আশরাফুজ্জামানের একটি পা ভেঙে গেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।