সন্ত্রাসী হামলায় মুরাদনগরে কলেজের অনুষ্ঠান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার সন্ত্রাসীদের হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় সন্ত্রাসীরা কলেজে ভাঙচুর ও লুটপাট করেছে। শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় তাঁর সমর্থকেরা হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। তবে জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর কোনো সমর্থক এ হামলায় জড়িত নয়। কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে ২০১০-১১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ইউসুফ আবদুল্লাহ হারুনকে প্রধান অতিথি করা হয়। কলেজের পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার বাসিন্দা না হওয়ায় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীরকে। এতে ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীরের অনুসারীরা গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজের সামনে স্থাপন করা অনুষ্ঠানের তোরণ ভাঙচুর করে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, এ ঘটনার পর জাহাঙ্গীর আলমের সমর্থক মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় মোখলেছপুর গ্রামের বাসিন্দা আবদুল হাকিম মাস্টারের নেতৃত্বে ভিপি জাকির, সেলিম, শরীফ ও ফারুকসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন গতকাল সকাল ১০টার দিকে কলেজে গিয়ে অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করে। ভাঙচুর করে অনুষ্ঠানের চেয়ার-টেবিল, কলেজের দরজা, জানালা ও কম্পিউটার। ওই সময় শিক্ষার্থীরা দিগ্বিদিক পালায়। হামলাকারীরা বেশ কয়েকজন ছাত্র ও ছাত্রীকে লাঞ্ছিত করে। পরে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।কলেজ ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মো. হাফেজ আহমেদ বলেন, অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমকে আমন্ত্রণ না জানানোয় তাঁর লোকজন এ হামলা করেছে। তিনি বলেন, ‘হারুন সাহেবের অনুদানে কলেজ চলছে। তাঁকে তো দাওয়াত দিতেই হবে। কিন্তু জাহাঙ্গীর আলম অন্য এলাকা থেকে এসে এখানে রাজনীতি করছেন।’কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এলাকার গণ্যমান্য সব লোককেই আমন্ত্রণ জানিয়েছি। হঠাৎ করে কলেজের ভেতরে ঢুকে চেয়ার, টেবিল, মঞ্চ, কম্পিউটার ভাঙচুর করেছে একটি পক্ষ।’ মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের একটি অংশের লোকজনের আমন্ত্রণ না জানানোয় তারা অনুষ্ঠান ভণ্ডুল করেছে বলে জানতে পেরেছি।’জানতে চাইলে কলেজের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক অর্থ সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, ‘জাহাঙ্গীর আলম সরকারের অনুসারীরা বিনা কারণে বিনা উসকানিতে কলেজে এসে হামলা চালিয়েছে। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে রাজনৈতিক অপতত্পরতা চালালে শিক্ষার্থীরা পড়াশোনা করবে কীভাবে।’অনুষ্ঠানে হামলার ব্যাপারে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এগুলো মিথ্যা কথা। আপনারা এসব কানেই দিয়েন না। ছোটখাটো ব্যাপার।’ তিনি বলেন, ‘কলেজের অনুষ্ঠানে বসা নিয়ে চার-পাঁচটি চেয়ার ভাঙচুর ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। কোনো মারধর হয়নি। জানতে পেরেছি, অন্য কলেজের ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে। ওই ঘটনায় আমার কোনো সমর্থক জড়িত নয়।’ জাহাঙ্গীর বলেন, ‘একটি পক্ষ আমার ও ইউছুফ আবদুল্লাহ হারুনের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে।’