সন্ত্রাসী হামলায় যশোরে বিএনপির সমর্থক নিহত
যশোরের শার্শা উপজেলার খামারপাড়া বাজারে গতকাল শনিবার রাতে সন্ত্রাসী হামলায় আবদুল হামিদ (৪০) নামের স্থানীয় এক বিএনপির সমর্থক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় হামিদ নিহত হন। হামলায় একই গ্রামের মফিজুর রহমান (৩৫) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হামিদের ভাই আবদুল আজিজের বরাত দিয়ে যশোরের সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, হামিদ, আজিজ, মফিজুর ও বাবলু ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খামারপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওই গ্রামের আওয়ামী লীগের সমর্থক প্রতিপক্ষের ছয়-সাতজন তাঁদের ওপর হামলা করে। হামলাকারীরা মফিজুর ও হামিদকে রামদা দিয়ে কোপাতে থাকে। আজিজ ও বাবলু পালিয়ে যান। পরে এলাকাবাসী হামিদ ও মফিজুরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হামিদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রামে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের কোন্দলে এ ঘটনা ঘটেছে। মূলত গত বছর একই কোন্দলের জেরে নিহত শফিকুল ইসলাম ছিলেন হামিদের আত্মীয়। হামিদ ওই খুনের মামলা দেখাশোনা করছিলেন। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। হামিদের নামে থানায় দুটি মামলা আছে। একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।