সন্ত্রাসী হামলায় রূপগঞ্জে কৃষক লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি অলিউল্লাহ মীর ও তাঁর স্ত্রী তাহমিনা আক্তার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। উপজেলার ব্রাহ্মণখালী গ্রামে গত সোমবার রাতে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের জখম করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অলিউল্লাহ সোমাবার রাতে নিজ গ্রামের মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা অলিউল্লাহকে তাঁর বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে চিৎকার শুনে তাঁর স্ত্রী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও কুপিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত অলিউল্লাহ প্রথম আলোকে জানান, একই গ্রামের জামান ও তার সহযোগীরা ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে এই হামলা চালিয়েছে। হামলার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, টেলিফোনে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেনি।অস্ত্রসহ গ্রেপ্তার ৪: নারায়ণগঞ্জের র‌্যাব-১১-এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গুলিভর্তি দেশে তৈরি একটি রিভলবারসহ দুজনকে এবং ফেনসিডিলসহ আরও দুজনকে আটক করেছেন। আটক ব্যক্তিরা হলো: মো. রনি, মো. বাবু, শফিকুল ইসলাম ও আমির হোসেন। র‌্যাবের ভাষ্যমতে, রনি ও বাবু চাঁদাবাজ। অপর দুজন মাদক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়া ও বন্দর উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।