বাগেরহাট সরকারি পিসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম ফারাজী সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে শহরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের পেছনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাঁকে খুলনার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার কারণ জানা যায়নি। এ ঘটনায় পিসি কলেজ শিক্ষক পরিষদ গতকাল মঙ্গলবার সকালে জরুরি সভা করে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। পিসি কলেজ ছাত্র সংসদ গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে সমাবেশ, কালো ব্যাজ ধারণ ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরে মৌন মিছিল বের করেন। ঘটনার এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি ও অপর দুই ব্যক্তির সঙ্গে শাহ আলম হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে দুটি মোটরসাইকেল তাঁদের সামনে এসে দাঁড়ায়। তিন যুবক মোটরসাইকেল থেকে নেমে আকসিঞ্চকভাবে শাহ আলমকে মারধর শুরু করেন। হামলাকারীদের চিনতে পারেননি তিনি। শাহ আলম ফারাজী জানিয়েছেন, হামলাকারীরা তাঁকে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়েছেন। তিনিও হামলাকারীদের চিনতে পারেননি। বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আকরামুজ্জামান জানান, শিক্ষক শাহ আলমের মাথা, দুই হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে ভারী ও ভোঁতা অস্ত্রের অসংখ্য আঘাত ছিল। তাঁর মাথায় সেলাই দেওয়া হয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি তাঁরা জেনেছেন। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে।