সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধের দোকানে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন। তিনি সিলেটের আঞ্চলিক দৈনিক সিলেটের ডাক-এর প্রধান প্রতিবেদক।
গত শনিবার সন্ধ্যায় নগরের মীরবক্সটুলার একটি ওষুধের দোকানের সামনে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা করে। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিলেট প্রেসক্লাবসহ জাতীয়, স্থানীয় সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীরা প্রতিবাদী হয়ে ঘটনাস্থলে অবস্থান নেন। সংবাদকর্মীদের দাবির মুখে রাতে হামলার অভিযোগে এক যুবকসহ তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় গতকাল রোববার সিলেট কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে মামলা করেছেন তাজ উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মুহাম্মদ তাজ উদ্দিন মীরবক্সটুলার একটি ওষুধের দোকানে পুরোনো ওষুধ ফেরত দিতে যান। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে সামান্য তর্কের সূত্র ধরে ওষুধের দোকানদারসহ ওই এলাকার একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। মাথায় ও নাকে আঘাত পেয়ে তাজ উদ্দিন অচেতন হয়ে রাস্তায় পড়েছিলেন।