সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কামরুজ্জামান (২২) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার নিজস্ব প্রতিবেদক কামরুজ্জামান বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে ছবি তুলতে গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। পুলিশ রাতেই সন্দেহভাজন দুই তরুণকে আটক করেছে।আটক তরুণেরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মহল্লার সোহেল (২২) ও দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামের তরিকুল ইসলাম (২০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুজ্জামান বৃহস্পতিবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দোতলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন মুক্তি খাতুন (২৫) নামের নির্যাতিত এক নারীর সঙ্গে কথা বলছিলেন। রোগীর মামা দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামের মফিজ উদ্দিন (৪০) একই সময়ে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ভাগনিকে দেখতে এলে দুর্বৃত্তরা তাঁকে মারপিট করতে থাকে। মারপিটের দৃশ্য ক্যামেরাবন্দী করতে গেলে হামলাকারীরা কামরুজ্জামানের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকলে কামরুজ্জামান দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। দুর্বৃত্তরা ধারালো খুর হাতে করে তাঁর পিছু নেয়। এ সময় তিনি দোতলা থেকে নেমে নিচতলায় হাসপাতালের প্রবেশমুখে আভা ফার্মেসিতে ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে ঢুকে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো খুরের আঘাতে কামরুজ্জামানের কোমর ক্ষতবিক্ষত হয়। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।হাসপাতালের শল্য বিশেষজ্ঞ ওয়ালিউর রহমান জানান, খুরের আঘাতে কামরুজ্জামানের কোমরের চার ইঞ্চি লম্বা ও আধা ইঞ্চি গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে আটটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসাধীন কামরুজ্জামান জানান, হামলাকারীদের বেশির ভাগ সদর হাসপাতালের দালাল হিসেবে চিহ্নিত। দালালদের অপতৎপরতা নিয়ে সম্প্রতি মাথাভাঙ্গায় কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ কারণে তারা ক্ষুব্ধ ছিল।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ইব্রাহিম জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।