সন্ত্রাসী হামলায় সোনাগাজী আ.লীগের সম্পাদক গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন (৪৫) গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের ধারণা, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১১টার দিকে সামছুল আরেফিন রিকশাযোগে সোনাগাজী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর রিকশার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। লোকজন তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী প্রথম আলোকে বলেছেন, বিগত পৌরসভা নির্বাচনের পর একটি প্রভাবশালী মহলের তৎপরতায় ফেনী জেলা আওয়ামী লীগের সভায় সোনাগাজী উপজেলা কমিটি ভেঙে দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির প্রস্তাব আমলে না নিয়ে ওই কমিটিকে কাজ চালিয়ে যেতে বলেছে। এ নিয়ে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এর জের ধরে সামছুল আরেফিনের ওপর হামলা হয়েছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেছেন, থানায় এখনো মামলা হয়নি। তবে দলীয় কোন্দলের বিষয়ে তাঁরা খোঁজ নিচ্ছেন।