সন্ত্রাসীদের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়াির জাতীয় সংসদ নির্বাচনের দিন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ওকড়াবাড়ী হাটে সন্ত্রাসীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন৷ গতকাল রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান৷
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রমেন্দ্রনাথ রায়। লিখিত বক্তব্যে বলা হয়, ৫ জানুয়ারি নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার কারণে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা চিরিরবন্দরে ওকড়াবাড়ী বাজারে ৫০টিরও বেশি দোকান পুড়িয়ে দেয়৷ কিন্তু ঘটনার পর আজ পর্যন্ত স্থানীয় সাংসদ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁদের খোঁজখবরও নেননি। গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তরা কোনো সাহায্য পাননি।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দোকানদার ও ব্যবসায়ীরা তাঁদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সম্মেলনে ওকড়াবাড়ী বাজারের দোকানদার জ্যোতিষ রায়, জুতি রায়, কুরুণা কান্ত রায়, ভবেশ চন্দ্র মহন্ত, রতন চন্দ্র রায়, দুলাল হোসেন, গজেন্দ্রনাথ রায়, রুহিণী কান্ত রায়, রঞ্জন রায়, সুদীপ রায়সহ ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারি বিকেল তিনটার দিকে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা ওকড়াবাড়ী হাটে হিন্দুদের ৪৭ এবং আওয়ামী লীগ সমর্থকদের পাঁচটি দোকান এবং হাটসংলগ্ন খোসনা এসসি উচ্চবিদ্যালয় ও কলেজের দুটি শ্রেণিকক্ষ জ্বালিয়ে দেয়। এ ঘটনায় পাঁচটি মেহগনি ও তিনটি কাঁঠালগাছও ভস্মীভূত হয়। ১৬ ফেব্রুয়াির প্রথম আলোয় এ ব্যাপারে সংবাদ প্রকাশ হয়৷
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মাস্টার বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের মাধ্যমে যথাসময়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষতির বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু কোনো প্রকার নির্দেশনা আসেনি। সাহায্যও দেওয়া যায়নি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন মোস্তফা জানান, ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে মামলা না করলেও উপজেলায় নির্বাচনী সহিংসতার ঘটনায় মোট ২২টি মামলা হয়েছে।