সন্ত্রাসীদের আতঙ্কে ভোটার ও প্রার্থীরা সশস্ত্র পাহারায় ভোট প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে সন্ত্রাসীদের ভয়ে আছেন সাধারণ ভোটার এমনকি প্রার্থীরাও। ভয়ে সশস্ত্র পাহারায় ভোট চাইতে বের হচ্ছেন একজন প্রার্থী। ২৯ জুন এই ইউনিয়ন পরিষদের নির্বাচন।চারপাশে তুরাগ নদে ঘেরা দ্বীপের মতো এই ইউনিয়নের পাশেই সাভারের আমিনবাজার ইউনিয়ন। নৌকা ছাড়া ইউনিয়নের বাইরে যাওয়ার উপায় নেই। স্থানীয় সূত্রগুলো বলছে, আমিনবাজারের সন্ত্রাসীরা নির্বাচন সামনে রেখে কাউন্দিয়ায় অবাধে বিচরণ করছে। বিভিন্ন প্রার্থীর হয়ে তারা সরাসরি অথবা মুঠোফোনে হুমকি দিচ্ছে প্রার্থী ও তাঁদের সমর্থকদের।গত বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদক ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় অবস্থানকালে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক নজরুল ইসলামকে মুঠোফোনে হত্যার হুমকি দেয় অজ্ঞাতনামা এক সন্ত্রাসী। নজরুল বলেন, শুধু তিনিই নন, এখানকার অনেক ভোটার ও প্রার্থীর সমর্থক এমন হুমকির মুখে আছে। কোনো প্রার্থীর হয়ে সন্ত্রাসীরা এমন হুমকি দিচ্ছে। পরিচয় গোপন রাখার শর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন ভোটার বলেন, সন্ত্রাসীরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে হুমকি দিচ্ছে।সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম এবারও ভোটযুদ্ধে নেমেছেন। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে রাতে গণসংযোগ করেন না তিনি। যদিও সাইফুল আলম ও তাঁর দুই দেহরক্ষীর নামে তিনটি অস্ত্র রয়েছে।সাভার থানার পুলিশ ও এলাকাবাসী জানান, সাইফুল আলম দুই দেহরক্ষীর হাতে দুটি অস্ত্র দিয়ে নিজের কাছে রিভলবার রেখে ভোট চাইতে বের হন।সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহামেদ বলেন, লাইসেন্স করা সব আগ্নেয়াস্ত্র নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই জমা দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত সাইফুল আলম ও তাঁর দুই দেহরক্ষী কোনো অস্ত্র জমা দেননি। অস্ত্র নিয়ে সাইফুল আলমের নির্বাচনী প্রচারণার ব্যাপারে আপত্তি জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন। এতে তাঁর সমর্থকেরা ভয় পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।এ ব্যাপারে সাইফুল আলম বলেন, ‘নিরাপত্তার জন্য আমাকে অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে চলতে হচ্ছে।’সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাজাহান মিয়া বলেন, লাইসেন্স করা অস্ত্র থাকলেও তা প্রকাশ্যে প্রদর্শন করা অপরাধ। কাউন্দিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী এটা করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগব্যবস্থার কারণে নির্বাচনের আগে সেখানে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা কষ্টকর মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনের দিন যাতে কোনো সহিংসতা না হয়, সে ব্যাপারে সব প্রস্তুতিই আমাদের আছে।’ এলাকাটি সন্ত্রাসপ্রবণ বলে তিনি জানান।