খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেছেন, নগরে চরমপন্থী দলের সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সব তালিকাভুক্ত ও নতুন গজিয়ে ওঠা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী থাকতে হবে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়নসহ খুলনা নগরের উন্নয়নে ব্যাপক অর্থ বরাদ্দ দিচ্ছেন। ইনশাল্লাহ আমাদের সরকারের এবং সিটি করপোরেশনের নির্বাচনী মেয়াদের মধ্যেই জনগণকে দেওয়া সব ওয়াদা পূরণ করা হবে।’ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগের নেতা চিশতি সোহরাব হোসেন শিকদার, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন প্রমুখ।