সন্ত্রাসীদের কাছে জিম্মি পুরুলিয়া গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের হাতে জিমিঞ্চ হয়ে পড়েছে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মানুষ। চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদকসেবন ও জুয়ার আসর বসানোসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাকির শেখের নেতৃত্বে এলাকার কিছু উঠতি সন্ত্রাসীর চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্মে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। জাকির শেখ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।গ্রামের বাসিন্দা সুজিৎ কুমার রায় জানান, ১৫ মে রাত সাড়ে আটটার দিকে তাঁর জামাতা বৈদ্যনাথ সাহা বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে প্রায় ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গত সোমবার রাতে কলেজ গেটের সামনে সত্যজিৎ সরকারের দোকান ভেঙে ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি হয়। সম্প্রতি স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন বখাটে এক ছাত্রীকে জোর করে সিঁদুর পরিয়ে দেয়। পুরুলিয়া গ্রামের নিতাই সরকার জানান, সপ্তাহ খানেক আগে তাঁর ঘরের দরজা ভেঙে দুই ভরি স্বর্ণালংকার ও মালামাল চুরি হয়।একই গ্রামের সিনথিয়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, স্কুলের দরজা ভেঙে দুটি সিলিং ফ্যান চুরি হয়েছে। পুরুলিয়া গ্রামের পাশের চাচুরি বাজারের ব্যবসায়ী বলাই সাহা জানান, কিছুদিন আগে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে চার হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। একই গ্রামের বিষ্ণুপদ পোদ্দার জানান, গত এক মাসে গ্রামের প্রায় শতাধিক বাড়ি থেকে নলকূপের মাথা চুরি হয়েছে। গ্রামের মুক্তিযোদ্ধা কাওছার শেখ জানান, পুরুলিয়া গ্রামে প্রায় ৩০০ সংখ্যালঘু পরিবারের বসবাস। এখান থেকে কালিয়া থানার দূরত্ব আট কিলোমিটার। মাঝে নবগঙ্গা নদী থাকায় সন্ত্রাসীরা অপকর্ম করে সহজে পালিয়ে যেতে সক্ষম হয়।পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাদুল হক জানান, আওয়ামী লীগের কথিত কিছু নেতার ছত্রচ্ছায়ায় থেকে উঠতি সন্ত্রাসীরা এলাকার পরিবেশ নষ্ট করছে। ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ বলেন, পুরুলিয়া গ্রামে কী ঘটছে, এ ব্যাপারে কেউ তাঁকে কিছু জানায়নি।কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘অবাধে জুয়া ও মাদক ব্যবসার কারণে পুরুলিয়ার পরিবেশ নষ্ট হচ্ছে। এতে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। সন্ধ্যার পর ঘর থেকে মানুষ বের হতে সাহস পাচ্ছে না। উপজেলা আইনশৃঙ্খলা সভায় এলাকার পরিবেশ নিয়ে প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দাবি করেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত।