সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহতের ঘটনায় স্বীকারোক্তি
সন্ত্রাসীদের গুলিতে আহত বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা গেছেন। এদিকে এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ও নিহত চেয়ারম্যানের পারিবারিক সূত্র জানিয়েছে, বগুড়া শহরের রহমান নগর এলাকায় সপরিবারে বাস করতেন তারাজুল ইসলাম। রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন তিনি। সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। স্বজনদের সঙ্গে ঈদ করতে নিজ গ্রামের বাড়ি উপজেলার আটবাড়িয়া গ্রামে গেলে ৮ জুলাই রাতে শয়নকক্ষের জানালা দিয়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ তারাজুল ইসলামকে তাৎক্ষণিক প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে আবার বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এত দিন তিনি লাইফ সাপোর্টে সেখানে ছিলেন। গুলির ঘটনায় তারাজুলের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ১২ জুলাই গাবতলী মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, সন্দেহভাজন হিসেবে তারাজুলের সাবেক গাড়িচালক আটবাড়িয়া গ্রামের হেলাল উদ্দিন এবং হেলালের সহযোগী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। হেলাল গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পূর্বশত্রুতার জের ধরে তারাজুলকে গুলি করা হয়েছে বলে স্বীকারোক্তি দেন তিনি।
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে হেলাল সবই বলেছেন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে হত্যার সঙ্গে জড়িত অন্য লোকজন সম্পর্কে বেশি কিছু বলা যাবে না।