সন্ত্রাসীদের গুলিতে একজন আহত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে রহিম বাদশা (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার চুনকুটিয়া মধ্যপাড়ার হাজি মাসুদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রহিম বাদশা ওই বাড়ির কেয়ারটেকার। এ ছাড়া সন্ত্রাসীদের পিস্তলের বাঁটের আঘাতে বাড়ির ভাড়াটে শরীফ মিয়ার স্ত্রী সোনিয়া আক্তারের মাথা ফেটে গেছে। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বেলা ১১টার দিকে কেব্ল মিস্ত্রি পরিচয় দিয়ে চার সন্ত্রাসী হাজি মাসুদের বাড়ির চতুর্থ তলার ভাড়াটে গার্মেন্টস ব্যবসায়ী শরীফ মিয়ার বাসায় ঢুকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসায় শরীফের স্ত্রী সোনিয়া আক্তার, শিশুপুত্র সালমান ফারসি ও তাঁর শ্যালক রিয়াজ অবস্থান করছিলেন। একপর্যায়ে রিয়াজ নিচে নেমে বাড়ির কেয়ারটেকার রহিম বাদশাকে ঘটনার বিষয়ে জানান। তিনি সন্ত্রাসীদের আটক করার জন্য বাড়ির নিচের কলাপসিবল গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। তখন সন্ত্রাসীরা নিচে এসে রহিম বাদশার বুকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে, পরে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা গার্মেন্টস ব্যবসায়ী শরীফকে খুঁজতে তাঁর বাসায় গিয়েছিল। তবে ঘটনা জানাজানি হওয়ায় কেয়ারটেকারকে গুলি করে পালিয়ে গেছে। সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা: কেরানীগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গতকাল বুধবার গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মো. শাহ আলম জানান, তাওয়াপট্টির আলী আহমেদের কাছে সকাল আটটার দিকে তিন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তাঁদের আচরণে সন্দেহ হলে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় চ্যালেঞ্জ করেন। এ সময় তাঁরা নিজেদের সাংবাদিক প্রমাণ দিতে না পারায় লোকজন বিদ্যুৎ (৪০) নামের একজনকে গণপিটুনি দেয়। এ সময় অপর দুজন পালিয়ে যান।