সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগের নেতা আহত
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি শাওন রেজা খান (২৪) সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। পাবনা জেলা শহরের অনন্ত বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে শাওন হেঁটে শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে অনন্ত বাজার এলাকায় একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি পিঠে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরই খবর পেয়ে আমরা ওই এলাকা পরিদর্শন করেছি। তবে কারা কী কারণে তাঁকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’