সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে গতকাল শনিবার সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) এক কর্মী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, লক্ষ্মীছড়ি উপজেলার জেএসএসের (সন্তু লারমা) কয়েকজন কর্মী উপজেলা পরিষদ কার্যালয়ের পাশ দিয়ে লক্ষ্মীছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে নারায়ণ চন্দ্র মারমা (২৬) নিহত ও জিমিত চাকমা (১৬) গুরুতর আহত হয়। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নিহত নারায়ণ চন্দ্র মারমার বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা এলাকায়। জনসংহতি সমিতির (সন্তু লারমা) লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি জ্যোতিষ দেওয়ান এই হামলার জন্য আঞ্চলিক দল ইউপিডিএফকে দায়ী করেছেন। ইউপিডিএফের তথ্য ও প্রচার শাখার সদস্য নিরণ চাকমা ঘটনার সঙ্গে তাঁর দলের সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেন।
লক্ষ্মীছড়ি থানার এসআই বাহার মিয়া জানান, আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।