সন্ত্রাসীদের গুলিতে টিন ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডে গতকাল শনিবার রাতে সন্ত্রাসীরা স্বপন (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।পুলিশ ও নিহত স্বপনের পারিবারিক সূত্র জানায়, স্বপন সূত্রাপুরের ২৩ গোয়ালঘাট লেনে ঘরজামাই থাকতেন। বাসার পাশেই তাঁর টিনের ব্যবসা আছে। গতকাল রাত সোয়া ১০টার দিকে স্বপন সূত্রাপুরের টিপু সুলতান রোডে কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় নবাবপুর রোডে একটি মোটরসাইকেলে দুজন সন্ত্রাসী পেছন থেকে স্বপনকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর মাথার পেছনে দুটি গুলি লেগে তিনি লুটিয়ে পড়েন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবার নাম আবদুল বারেক। তিনি দুই সন্তানের জনক।খবর পেয়ে নিহত স্বপনের স্ত্রী শামীমা আক্তারসহ স্বজনেরা হাসপাতালে যান। স্বামীকে হারিয়ে বুক চাপড়ে কাঁদেন শামীমা। কারা কেন তাঁর স্বামীকে হত্যা করেছে, তা তিনি জানেন না বলে জানান।