সন্ত্রাসীদের গুলিতে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মণ্ডল (৪২) গত শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন রাতেই তিন তরুণকে আটক করে পুলিশে দেয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম রেলওয়ে স্টেশনের দলীয় কার্যালয় থেকে বাজার এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। স্থানীয় সর্বজনীন পূজা মন্দিরের কাছে পৌঁছামাত্র অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় পল্লি চিকিৎসক আবুল কাসেম বলেন, বাজারের প্রধান সড়কে অবস্থিত তাঁর দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় চার থেকে পাঁচটি গুলির শব্দ পান। শব্দ শুনে ছুটে মন্দিরের কাছে এসে চেয়ারম্যানকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

নুরুল ইসলামের ভাগ্নে তোফাজ্জল হোসেন জানান, চেয়ারম্যানকে ফরিদপুর থেকে গতকাল রোববার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে গুলির পর পরই স্থানীয় জনতা স্টেশন ও বাজার এলাকা থেকে সোহাগ মিয়া (২৭), ফারুক মিয়া (৩৩) ও বিপ্লব কুমার সাহা (৩২) নামের তিন তরুণকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আটক তিনজনের বাড়িই ফরিদপুর সদর উপজেলায়।

অবশ্য আটক ব্যক্তি সোহাগ নিজেকে ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) চালক বলে দাবি করেছেন। তিনি ঢাকার হজক্যাম্পে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন। ফারুক নিজেকে ফরিদপুর আজিজ ফাইবার্স জুট মিলের কর্মকর্তা এবং বিপ্লব কুমার সাকুরা পরিবহনের তত্ত্বাবধায়ক বলে দাবি করেছেন।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, চেয়ারম্যান বর্তমানে বিপদমুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পূর্বশক্রতার জের ধরে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।