সন্ত্রাসীদের গুলিতে পুস্তক বাঁধাই সমিতির সাধারণ সম্পাদক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলাবাজারে গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে শহীদ মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাবাজার পুস্তক বাঁধাই সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শহীদ মিয়া বাংলাবাজারের নর্থব্রুক হল সড়কের একটি বাসায় থাকতেন। গতকাল রাত সোয়া ১১টার দিকে তিনি সমিতির সভাপতি স্বাধীনসহ মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। বাংলাবাজারের পাতলা খান রোডে এলে অজ্ঞাত সন্ত্রাসীরা শহীদকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তাঁর কপালে ও একটি বুকে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পর স্বাধীনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।