সন্ত্রাসীদের গুলিতে বাসার বারান্দায় ঠিকাদার আহত
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গতকাল বৃহস্পতিবার কাজী নুরুন্নবী (৪৫) নামের এক ঠিকাদার তাঁর শ্বশুরের বাসার বারান্দায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার পুলিশ জানায়, নুরুন্নবীর নিজের বাড়ি ৩৩৭ নম্বর পাইকপাড়ায়। তাঁর শ্বশুর-বাড়ি পাইকপাড়ার ৩১৯/১ আহমেদনগরে। গত বৃহস্পতিবার তিনি শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। গতকাল সকালেও সেখানে ছিলেন। সকাল পৌনে সাতটার দিকে দুই-তিনজন সন্ত্রাসী নুরুন্নবীর শ্বশুরবাড়ির সামনে গিয়ে তাঁর নাম ধরে ডাকাডাকি করে। ডাকাডাকি শুনে নুরুন্নবী তিনতলার বারান্দায় গেলে সন্ত্রাসীরা রিভলবার দিয়ে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান জানান, ঠিকাদারি ব্যবসার বিরোধ কিংবা চাঁদাবাজদের গুলিতে নুরুন্নবী আহত হয়েছেন।