সন্ত্রাসীদের গুলিতে মাদ্রাসার ছাত্র নিহত, আহত ৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও পাঁচজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া আদমজী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাগর (১৩)। সে ওই এলাকার মুদিদোকানি আরশাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মতিউর রহমান ওরফে সুন্দর মতির ভাতিজা বাবুর সঙ্গে আদমজীর সন্ত্রাসী গোলাম হোসেন গুলুর শ্যালক মনিরের বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় বাবুর সঙ্গে মনিরের বাগিবতণ্ডা হয়। শিমুলপাড়া এলাকায় যুবলীগের কার্যালয়ে মতি যাওয়া মাত্র পুলিশের সামনেই গুলুর লোকজন এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয় মাদ্রাসার ছাত্র সাগর, যুবলীগ অফিসের কর্মচারী বাবু ও রমজান আলী। তাদের হাসপাতালে নেওয়ার পথে সাগর মারা যায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই এলাকা থেকে গুলুর ভাই আবু খানকে আটক করে।
মতি বলেন, ‘পুলিশ আমাকে খবর দিয়ে অফিসে আসতে বলে। আমি সেখানে যাওয়ামাত্রই গুলু, তার ভাই আবু ও শ্যালক মনির এলোপাতাড়ি গুলি করে।’
বক্তব্য জানার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে গুলুর ফোন বন্ধ পাওয়া যায়। এসআই ফয়েজ দাবি করেন, ঘটনার সময় পুলিশ সেখানে উপস্থিত ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।