সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে সন্ত্রাসীদের গুলিতে তাসবীর হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। নিহত তাসবীরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ইট-বালুর ব্যবসা করতেন। তবে পুলিশ জানিয়েছে, তাসবীর মোহাম্মদপুর পুলিশের তালিকাভুক্ত অপরাধী।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নূরজাহান রোডের বেঙ্গল স্কুলের সামনে দাঁড়িয়েছিলেন তাসবীর। এ সময় দুটি মোটরসাইকেলে অজ্ঞাত সন্ত্রাসীরা এসে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালায়। এতে তাঁর গলা ও বুকের ডানদিকে দুটি গুলি বিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।নিহত তাসবীরের বোন হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, তাসবীর ইট-বালুর ব্যবসা করতেন। তাঁরা হামলার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না। তাসবীরের বাবা মকবুল হোসেন মঙ্গল ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা। তবে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, তাসবীরের নামে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তবে তাঁকে কারা, কেন হত্যা করল, সে বিষয়ে পুলিশ কিছু জানতে পারেনি।