সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা আহত
নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য মনির হোসেন ওরফে কাজলকে (৩৮) পায়ে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।
গতকাল শনিবার দুপুরে চরমটুয়া ইউনিয়নের সফিগঞ্জ বাজারের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মনির হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। গুলিবিদ্ধ মনির হোসেন একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সফিগঞ্জ বাজারে লক্ষ্মীপুরের সন্ত্রাসী সোলেমান বাহিনী অতর্কিতে মনির হোসেনের ওপর আক্রমণ চালায়। হামলাকারীরা একপর্যায়ে মনিরকে ধরে বাজারের পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে তাঁর বাঁ পায়ে গুলি করে সেখানে ফেলে পালিয়ে যায়।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ফরিদউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গুলিতে মনির হোসেনের বাঁ পায়ের হাঁটুর ওপরের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।