সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সন্ত্রাসীদের মারধরের শিকার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আবদুল মমিন ওরফে জুয়েলের আত্মহত্যার পর এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি দেন।
চাঁদা দিতে না পারায় গত সোমবার মমিনকে সন্ত্রাসীরা মেসের কক্ষ থেকে তুলে নিয়ে মারধর করে। পরে ‘অপমানে’ তিনি আত্মহত্যা করেন।
গতকাল সকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ও বেসরকারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ফেনী সদর হাসপাতাল মোড়ে মানববন্ধন করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক স্মারকলিপি গ্রহণ করেন।
মামলা দায়ের: আবদুল মমিনের মামা জসিম উদ্দিন কোনো আসামির নাম উল্লেখ না করে ফেনী সদর মডেল থানায় মামলা করেছেন।
ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।