সন্ত্রাসীদের চিহ্নিত করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের চিহ্নিত করতে এবার পুরান ঢাকার তাঁতীবাজার ও শাঁখারীবাজারের বিভিন্ন স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। গতকাল সোমবার স্বর্ণ ব্যবসায়ী ও লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনারের সঙ্গে এক মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।দুপুর ১২টার দিকে তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ আশপাশের বণিক সমিতি, শিল্পী (কারিগর) সমিতি, বুলিয়ট (স্বর্ণ কেনাবেচাকারী) সমিতি ও জুয়েলারি সমিতির নেতারা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার খোরশেদ হোসেনের কার্যালয়ে যান। এ সময় ব্যবসায়ীরা তাঁদের নিরাপত্তার কথা তুলে ধরেন। তাঁতীবাজার এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল জব্বার জানান, বিভিন্ন স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের পক্ষে সবাই মত দেন। সেখানে সাদা পোশাকে পুলিশ টহল দেওয়া এবং ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দেওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।জানতে চাইলে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার খোরশেদ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁতীবাজার ও শাঁখারীবাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় হয়েছে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের চিহ্নিত করতে বিভিন্ন পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ কাজ করবে।গত বুধবার সন্ত্রাসীদের হাতে তরুণ স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম নিহত হওয়ার পর গত রোববার তাঁতীবাজার, শাঁখারীবাজার ও কোতোয়ালি থানা রোডের ব্যবসায়ীরা বৈঠক করেন। চাঁদাবাজদের হাত থেকে রক্ষা ও ব্যবসায়ীদের নিরাপত্তা চেয়ে উপপুলিশ কমিশনারের কাছে সমস্যাগুলো তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।আবুল কালাম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিমান্ড শেষে গতকাল বিজয় রায় ও চিমাকে আদালতে হাজির করা হয়। গতকাল সোমবার চিমাকে আরও সাত দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের তেমন কোনো সুযোগ থাকে না। এ কারণে চিমাকে আরও রিমান্ডের আবেদন করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে দুজনের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, দাবি করা চাঁদা না পেয়েই আবুল কালামকে হত্যা করা হয়।প্রসঙ্গত, গত বুধবার বিকেলে তিনজন সন্ত্রাসী দোকানে ঢুকে কালামকে গুলি করে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।