সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হলেন কোচিংয়ের পরিচালক
একদল সন্ত্রাসী ছুরিকাঘাত করে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার প্রগ্রেস কোচিং সেন্টারের পরিচালক শরিফুল ইসলামকে খুন এবং আশরাফুল আলমকে গুরুতর জখম করেছে। গত শনিবার ওই কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম (২৭) ও আহত আশরাফুল আলমের (৩১) বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি গ্রামে। তাঁরা ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাঁরা ওই কোচিং সেন্টারে যথাক্রমে পরিচালক (প্রশাসন) ও পরিচালক (ভর্তি) হিসেবে কর্মরত ছিলেন। ওই কোচিং সেন্টারের প্রধান প্রতিষ্ঠান প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান তাঁদের মামা।এ ঘটনায় নিহতের ভাই আবদুল ওয়াদুদ প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের স্ত্রী তন্দ্রা রহমানসহ পাঁচজনকে আসামি করে শনিবার রাতেই বগুড়া সদর থানায় মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মোস্তাফিজার রহমানের সঙ্গে তাঁর স্ত্রী তন্দ্রা রহমানের কিছুদিন ধরে প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার রাত নয়টার দিকে তন্দ্রা রহমান সাত-আটজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে প্রগ্রেস কোচিং সেন্টারের কার্যালয়ে গিয়ে মোস্তাফিজার রহমানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে তিনি আশরাফুল আলম ও শরিফুল ইসলামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সন্ত্রাসীরা ওই কার্যালয় থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আশরাফুল ও শরিফুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শরিফুল মারা যান। প্রগ্রেস গ্রুপের পরিচালক মোস্তাফিজার রহমান জানান, বেশ কিছুদিন ধরে স্ত্রী তন্দ্রা রহমানের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। এ কারণে তাঁর স্ত্রী সপ্তাহ খানেক ধরে বাড়িতেও অবস্থান করেননি। এ ব্যাপারে তন্দ্রা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তার করার জন্য শনিবার রাতে কয়েকবার অভিযান চালানো হয়েছে। তন্দ্রা রহমানসহ অপর আসামিরা পলাতক।