সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত মিঠুনের পরিবার আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত মিঠুন দাশের পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে। খুন সম্পর্কে ধারণা পাওয়ার পরও ভয়ে পরিবারটির পক্ষ থেকে সাভার থানায় করা মামলায় আসামির নাম উল্লেখ করা হয়নি।পুলিশ চিহ্নিত ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু গা-ঢাকা দেওয়ার কারণে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। গত রোববার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাভার পৌরসভার বাজার রোডের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী নরেশ দাশের ছেলে মিঠুন দাশ (১৪) নিহত হয়।সাভার থানার পুলিশ ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সপ্তাহ খানেক আগে সাভার বাজার রোডের দরবার হোটেলের বেঞ্চে বসা নিয়ে মিঠুনের সঙ্গে তার এক বন্ধুর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনার জের ধরেই মিঠুন খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ঝগড়া হওয়ার বিষয়টি নিশ্চিত করে দরবার হোটেলের মালিক মো. মোস্তফা বলেন, মিঠুন ও তার ওই বন্ধু প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর তাঁর হোটেলে আড্ডা দিত। নিজেদের বাসা থেকে ১০০ গজ দূরে মিয়া অয়েল মিলের মাঠে রোববার রাত সাড়ে নয়টার দিকে মিঠুনকে ছুরি দিয়ে বুকে, পেটে ও গলায় আঘাত করা হয়। ছুরিকাঘাতের পর পরই মিঠুন ওই মিলের মাঠের এক কোণে বাচ্চুর চায়ের দোকানের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।চায়ের দোকানদার বাচ্চু জানান, রাত সাড়ে নয়টার দিকে মিঠুন দৌড়ে তাঁর দোকানের সামনে এসে পড়ে যায়। তখন তার দেহ থেকে রক্ত ঝরছিল। তবে কারা তাকে আঘাত করেছে, তা তিনি দেখেননি বলে জানান। ছেলে হত্যার ঘটনায় নরেশ দাস বাদী হয়ে সোমবার সাভার থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা সাতজনকে আসামি করা হয়েছে।মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ না করার কারণ জানতে চাইলে নরেশ দাশ বলেন, ‘ঘটনার পর থেকে নানা তদবির ও চাপের মধ্যে আছি। এক ছেলেকে হারিয়েছি। আর কাউকে হারাতে চাই না। এ কারণেই মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করবে।’সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, বারবার অনুরোধ করার পরও বাদী মামলায় আসামির নাম দিতে রাজি হননি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়েমোটামুটি নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।