সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জাগির হোসেন (২৭) নিহত হয়েছেন। তিনি শহরের ঘোনারপাড়ার মৃত শেখ রহিম উদ্দিনের ছেলে। আগের দিন মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে জাগির হোসেন হাসপাতাল সড়কের মোড়ে (কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মসজিদের পেছনে) এলে পাঁচ সন্ত্রাসী গতিরোধ করে। এরপর তাঁকে মারধর শুরু করে। এ সময় জাগির হোসেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তখন সন্ত্রাসীরা জাগিরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে পাশের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে জনতার সহযোগিতায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন সন্ত্রাসীকে আটক করে। এঁরা হলো—শহরের বাহারছড়া এলাকার নজরুল ইসলাম (২৬) ও ঝাউতলার জসিম উদ্দিন (২৮) ও ইমাম হোসেন (২৫)। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মিজবাহ উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে।