সন্ত্রাসীদের ছোড়া এসিডে ঝলসে যাওয়ার ১৩ দিন পর মারা যান স্ত্রী রাজিয়া খাতুন (৩০), আর ২৬ দিন পর মারা যায় ছেলে আলিফ (২)। আরেক ছেলে হূদয় (১২) দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। আর গৃহকর্তা আলতাফ হোসেন গুরুতর আহত হয়ে পালিয়ে আছেন। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এ ঘটনার আট মাস পর আদালতে মামলা হয়েছে।আলতাফ হোসেন দাবি করেন, সন্ত্রাসীদের ভয়ে তিনি মামলা করতে সাহস পাচ্ছিলেন না। ভয়ে নিজে লুকিয়ে ছিলেন। তাঁদের পক্ষে কেউ আইনগত সহযোগিতা নিয়েও এগিয়ে আসেনি। অবশেষে ঘটনার আট মাস পর তিনি নিজে বাদী হয়ে গত ১১ জুন ঝিনাইদহ বিচারিক হাকিম তৃতীয় আদালতে মামলা করেন। ইতিমধ্যে মামলাটি কালীগঞ্জ থানায় নথিভুক্ত হয়েছে। তবে মামলা হলেও পুলিশ আসামি ধরছে না। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার পর আসামিরা তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ কারণে তিনি পালিয়ে আছেন। আলতাফ হোসেন বলেন, তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে। পেশায় তিনি মোটরগাড়ির চালক। তিনি দ্বিতীয় বিয়ে করে বাসা ভাড়া নিয়ে থাকতেন কালীগঞ্জ শহরের বলিদাপাড়া এলাকায় আবদুর রাজ্জাকের বাড়িতে। তাঁর স্ত্রী রাজিয়া খাতুনেরও আগে বিয়ে হয়েছিল। সেই পক্ষে হূদয় নামের এক ছেলে রয়েছে। তাঁর সংসারে আলিফের জন্ম হয়। স্ত্রী ও এই দুই ছেলে নিয়ে ছিল তাঁর সংসার। গত ১১ নভেম্বর রাতে বাড়ির দক্ষিণ পাশের একটি ঘরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে হঠাৎ তাঁদের শরীরে তরল পদার্থ পড়ে জ্বলে যেতে থাকে। তিনি উঠে চিৎকার শুরু করলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। বাড়ির মালিক ও প্রতিবেশীরা এসে তাঁদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে তাদের চারজনকেই দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। এক দিন পর নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিন পর মারা যান রাজিয়া খাতুন। এর ১৩ দিন পর মারা যায় আলিফ। হূদয় ও তিনি দীর্ঘ তিন মাস চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। তাঁর শরীরের ডান হাত ও ডান পা এসিডে ঝলসে গেছে। এখনো তাঁর চিকিৎসা চলছে।আলতাফ হোসেন দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাঁর গ্রামের আফসার লস্করের ছেলে গোলাম রসুল, সাখায়াত হোসেনের ছেলে হাবিবুর রহমান, আহসান হাবিব ও ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের আবদুস সাত্তারের ছেলে লিটন জড়িত। গোলাম রসুল একটি সংস্থার সোর্স হিসেবে এলাকায় প্রভাব দেখিয়ে চলেন। এ কারণে তিনি সে সময় ভয়ে মামলা করতে পারেননি। একবার উদ্যোগ নিয়েছিলেন মামলা করবেন, কিন্তু তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়ায় সাহস পাননি। হাসপাতালে থাকা অবস্থায় তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি। এমনকি মামলা করা যাবে না বলে তাঁর কাছ থেকে একটি লিখিতও নেওয়া হয়।কালীগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর মিজানুর রহমান জানান, দুজন মারা গেছেন বা ভয়ে মামলা করতে পারেননি—এ বিষয়ে তিনি কিছুই জানেন না।বাদীপক্ষের আইনজীবী মো. সদর উদ্দিন জানান, ঝিনাইদহ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক আনিচুর রহমানের আদালতে তিনি গত ১১ জুন আরজি জমা দেন। আদালত ওই দিনই কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আরজিটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বলেন, আহত আলতাফ হোসেনই মামলা করতে চাননি। এমনকি মামলা করবেন না বলে লিখিত দিয়েছেন। এখন তিনি আদালতে মামলা দিয়েছেন, পুলিশের পক্ষ থেকেও সঙ্গে সঙ্গে নথিভুক্ত করা হয়েছে।