জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক মুজিব বলেছেন, অতীতে জামায়াত-শিবির চক্র বহিরাগত সন্ত্রাসী ও ক্যাডারদের দিয়ে চৌদ্দগ্রামে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপরও হামলা চালিয়েছে। ২০০১ সালের নির্বাচনে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এখন চৌদ্দগ্রামবাসী সংগঠিত হয়েছে। অস্ত্র, সন্ত্রাসী ও বহিরাগত ক্যাডারদের দিয়ে নির্বাচনে আর পার পাওয়া যাবে না। চৌদ্দগ্রাম পৌরসভাকে ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করায় পৌরবাসীর উদ্যোগে গতকাল শনিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মুজিবুল হক মুজিব এসব কথা বলেন। চৌদ্দগ্রাম বাজারে পৌর মিলনায়তন কেন্দ্রে আয়োজিত পরিষদের অনুষ্ঠানে পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান।