সন্ত্রাসীদের দিয়ে রাতে আবাসিক স্কুল দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ভবনের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে নাটোর শহরের মেমোরি প্রি ক্যাডেট স্কুলের পরিচালকের স্ত্রী সন্ত্রাসীদের নিয়ে গত সোমবার প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্কুল ভবনের দখল নিতে তারা স্কুলের আবাসিক শিক্ষার্থীদের ১৬ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখে। এ সময় ভবনের পানি সরবরাহও বন্ধ করে দেওয়া হয়।নাটোর থানা ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, উপশহর আবাসিক এলাকার মেমোরি প্রি ক্যাডেট স্কুলের জমি ও পাঁচতলা ভবনের মালিকানা নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক শাহ আলম ও তাঁর স্ত্রী শামসুন নাহারের মধ্যে বিরোধ রয়েছে। এই সম্পত্তি বিক্রির ওপর নাটোর সদর সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।শামসুন নাহার সোমবার সদর থানায় স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি মামলা করেন। পুলিশ ওই দিন সন্ধ্যায় ওই মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করে। এরপর রাত আটটার দিকে শামসুন নাহার কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে স্কুলের আবাসিক ২৫ জন ছাত্র আটকা পড়ে। এ অবস্থায় পানি ও খাবারের অভাবে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। গত মঙ্গলবার সকালে অভিভাবকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ফটকের তালা খুলে দেয়। স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ার হোসেন বলে, ‘ম্যাডাম (শামসুন নাহার) সন্ত্রাসীদের ভাড়া করে এনে এখানে ত্রাসের সৃষ্টি করেছেন। আমরা এর প্রতিবাদ করলে তিনি সন্ত্রাসীদের দিয়ে আমাদের আটকে রেখে পানি সরবরাহ বন্ধ করে দেন। আমাদের খুব ভয় লাগছে। বুধবার পরীক্ষা থাকায় আমরা বাড়ি যেতে পারছি না।’প্রতিষ্ঠানের পরিচালক শাহ আলম বলেন, ‘অনেক ঋণ করে আমি স্কুলের জমি কিনে স্ত্রীর নামে লিখে দিয়েছি। পাঁচতলা বাড়ি করে দিয়েছি। এখন তিনি নানা অজুহাতে এই ভবন বিক্রির পাঁয়তারা করছেন। আমি কিছু বললেই তিনি মিথ্যা অভিযোগ তোলেন।’তবে শামসুন নাহার ভবন বিক্রির পাঁয়তারা ও সন্ত্রাসীদের এনে স্কুলে তালা লাগানোর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁর আত্মীয়। শিক্ষার্থীদের প্রতি তাঁর কোনো রাগ নেই। ভবনের দখল ছেড়ে দিলে তাঁর আর কোনো অভিযোগ থাকবে না।সদর থানার উপপরিদর্শক (এসআই) নবিউর রহমান বলেন, ‘এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার চেষ্টাও আমরা করছি।’