সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক কারা, তা খুঁজে বের করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, সন্ত্রাস একটি সামাজিক রোগ। এর পৃষ্ঠপোষক কারা, তা খুঁজে বের করতে হবে। গত শুক্রবার রাজধানীর ধানমন্ডি উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে বুয়েটের মেধাবী ছাত্রী সাবেকুন্নাহার সনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কামাল হোসেন বলেন, চোরকে চোর বললে কেন দেশদ্রোহী হতে হবে? চাঁদাবাজি কি দেশপ্রেম? তিনি সনি হত্যার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের খুঁজে বের করে শাস্তি কার্যকর করার জন্য শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে জামিলুর রেজা চৌধুরী বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস প্রতিরোধে দেশব্যাপী আন্দোলন প্রয়োজন। এই আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাইকে সম্পৃক্ত হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এ এম এম শফিউল্লাহ বলেন, সনির পলাতক খুনিদের বিরুদ্ধে রায় কার্যকর করতে অবিলম্বে তাদের খুঁজে বের করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাবিবুল্লাহ নিয়ামুল করিম, আবদুল লতিফ মল্লিক, শ্রাবণী মোস্তফা, রোকেয়া বেগম প্রমুখ। সঞ্চালনা করেন পিটার হালদার। বিজ্ঞপ্তি।