সন্ত্রাসীদের বিচারের দাবিতে ধরমপাশায় মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহাড়ি ইউনিয়নের কলুংকা গ্রামের চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের ধরমপাশায় মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় উপজেলার মধ্যবাজার সড়কে নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন নাগরিক কমিটির আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আবদুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এ বিলকিস প্রমুখ। এস এ বিলকিস অভিযোগ করে বলেন, কলুংকা গ্রামসংলগ্ন সড়ক দিয়ে ধরমপাশার লোকজনকে নানা কাজে মোহনগঞ্জ যেতে হয়। যাওয়ার পথে কলুংকা গ্রামের কিছু সন্ত্রাসী ধরমপাশার সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে মারধর ও লাঞ্ছিত করে আসছে। এতে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কলুংকা গ্রামের বাসিন্দা বড়তলী বানিহাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, ‘কলুংকা গ্রামবাসী কাউকে লাঞ্ছিত করেনি। যাঁরা অভিযোগ করেছেন, তাঁরাই নানাভাবে আমাদের হয়রানি করছেন।’