পাঁচ ভাগ সন্ত্রাসীর বিরুদ্ধে ৯৫ ভাগ মানুষ প্রতিরোধ গড়ে তুললে সমাজে শান্তি ফিরে আসতে বাধ্য। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ‘ওপেন হাউস ডে’ আলোচনায় বক্তারা এসব কথা বলেন।গত শনিবার সকালে নগরের পুলিশ লাইনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এই আলোচনায় বক্তারা বলেন, পুলিশ কথায় বলে তারা জনগণের বন্ধু। বাস্তবে পুলিশকে জনগণ ভয় পায়। পুলিশ সদস্যদের হয়রানিমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ। জনগণ যাতে পুলিশকে বন্ধু মনে করে, সেভাবে কাজ করতে হবে। তাঁরা বলেন, সমাজে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যকার সম্পর্কের আরও উন্নয়ন করতে হবে। বক্তারা বলেন, সমাজে এখনো ভালো মানুষের সংখ্যা ৯৫ ভাগ। মাত্র পাঁচ ভাগ সন্ত্রাসীর কাছে পুরো জনগোষ্ঠী জিম্মি হতে পারে না। পুলিশের সঙ্গে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সৈয়দ তৌফিকউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার জোটের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ বীর প্রতীক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ, বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান, পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুম বিল্লাহ ও আতিকুর রহমান, উপকমিশনার জিল্লুর রহমান প্রমুখ।