ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির ওপর হামলার ঘটনায় জড়িত বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। তাঁরা গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন।
তবে ওই অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে।
গতকাল বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত কিছু সন্ত্রাসীর হাতে জিম্মি। বারবার বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের হয়রানি করে যাচ্ছে। তারা বিশ্ববিদ্যালয়ে ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বলেন, ‘শুধু ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের ব্যক্তিগত ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে তিনি একাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন।’ তবে শুরু থেকে জসিম উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির মোটরসাইকেল ছিনতাই এবং তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ জসিম উদ্দিনকে দায়ী করে।
প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন বলেন, প্রশাসনের বিরুদ্ধে ছাত্রলীগ যেসব অভিযোগ করছে, সেগুলো ঠিক নয়। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় প্রশাসন একটি মামলা করেছে। ছাত্রলীগ এক ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করায় এলাকাবাসী ক্যাম্পাসে হামলার চেষ্টা করেছে। প্রশাসন ওই হামলা করতে দেয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো কঠোর ব্যবস্থা নেবে। মূলত আগে দায়িত্বে থাকা প্রশাসনের কিছু অনৈতিক নিয়োগ ও কতিপয় শিক্ষার্থীকে প্রশ্রয় দেওয়ায় এসব ঘটনা ঘটছে।