নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে কোনো খুনি-সন্ত্রাসী পরিবারকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে সেনাবাহিনী মোতায়েনের দািব করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে ত্বকী মঞ্চের এক সমাবেশে এ আহ্বান জানান মঞ্চের আহ্বান রফিউর রাব্বি।
রফিউর রাব্বি নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা ২৬ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ত্বকী হত্যা ও সাত খুনের বিরুদ্ধে রায় দিন। আমরা নির্বাচনকে আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে নিয়েছি। নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, নারায়ণগঞ্জের মানুষ ত্বকী হত্যার বিচার চায়, সাত খুনের বিচার চায়, আশিক, চঞ্চল ও মিঠু হত্যার বিচার চায়।’
সমাবেশ থেকে একটি লিফলেট বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সিপিবির কেন্দ্রীয় নেতা শফিউল্লাহ, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, গণসংহতি নেতা তরিকুল সজুন প্রমুখ।