গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা দিতে অস্বীকার করায় সংঘবদ্ধ সন্ত্রাসীদের ভয়ে এক দরিদ্র কৃষক পরিবার পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সন্ত্রাসীদের একাধিকবার হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও অপহরণের ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো সন্ত্রাসীদের পক্ষ নিয়ে হয়রানি করার অভিযোগ এনে গতকাল সোমবার দুপুরে গাজীপুর শহরের সিটি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে।কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাঙ্গুরী গ্রামের নির্যাতিত ওই পরিবারের পক্ষে শামছুন্নাহার বলেন, বৃদ্ধ বাবা কাদির খান (৭২) পৈতৃক সূত্রে প্রাপ্ত ২৪ বিঘা জমি ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় মাসুদ খানের নেতৃত্বে একটি মহল জালিয়াতির মধ্যেমে প্রায় নয় বিঘা জমি জোরপূর্বক দখল করে নেয়। এ সময় বাধা দিলে মাসুদ খানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে কাদির খানের লোকজনকে মারধর করে। এতে কয়েকজন আহত হয়। পরে স্থানীয় চলন্তিকা পরিষদ নামের একটি ক্লাব এ ঘটনার মীমাংসা করার কথা বলে হামলাকারীদের পক্ষ নিয়ে চার লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে কাদির খানের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। অবশিষ্ট টাকা দিতে অস্ব্বীকার করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত ৩০ ডিসেম্বর রাতে কাদির খানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে এবং শিশু, নারীসহ বাড়ির লোকজনকে মারধর করে।