সন্ত্রাসীদের অত্যাচারে রাজশাহী রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম গত মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে বৈঠক করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৭৫ জন রেলওয়ের কর্মচারী এবং আরও প্রায় ৬০ থেকে ৭০ জন তাঁদের পরিবারের সদস্য চিকিৎসা নেন। ১০-১২ জনের স্থানীয় বহিরাগত একটি সন্ত্রাসী দল কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে প্রায়ই জোর করে ওষুধ নিয়ে যায়। গত ২৮ এপ্রিলও কয়েকজন সন্ত্রাসী হাসপাতালে গিয়ে বেশ কিছু ওষুধের ‘আবদার’ করে। কর্মকর্তা-কর্মচারীরা ওষুধ দিতে রাজি না হলে সন্ত্রাসীরা তাঁদের গালাগাল দেয়। একপর্যায়ে তারা হাসপাতালের ফার্মাসিস্ট আনোয়ার হোসেনকে মারতে উদ্যত হয়। এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা ওই দিনই হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা নীলেন্দ্র কিশোর ভট্টাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার সন্ত্রাসীরা আবারও একই ঘটনা ঘটালে বহির্বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার বিকেলে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের আবার শাসিয়ে যায়।
গতকাল বিকেলে রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয়ে এক বৈঠক হয়। সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করার সিদ্ধান্ত ও নিরাপত্তার ব্যবস্থা না হওয়া পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে নীলেন্দ্র কিশোর ভট্টাচার্য বলেন, গতকালের বৈঠকে মহাব্যবস্থাপক মামলা করার নির্দেশ দিয়েছেন। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকার কারণে আগামী রোববার এই মামলা করা হবে।