সন্ত্রাসীদের ভয়ে রাতে সেচ দেওয়া যায় না
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটিহাস-শংকরবাক গ্রামে চাঁদাবাজ-সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে গত এক সপ্তাহে চারটি গভীর নলকূপের ঘরসহ বিভিন্ন উপকরণ পুড়িয়ে দিয়েছে। ওই এলাকার ১৫-২০টি নলকূপ মালিক রাতে জমিতে সেচ দিতে পারছেন না। জানা গেছে, ১৫ দিন থেকে মাটিহাস শংকরবাক এলাকায় গভীর নলকূপে চাঁদাবাজদের অত্যাচার বেড়ে যায়। গভীর নলকূপ মালিকেরা শেষে সিদ্ধান্ত নেন রাতে নলকূপ না চালানোর। গত ১৮ এপ্রিল মাটিহাস গ্রামের ছব্দের আলীর একটি, ২০ এপ্রিল রইচ উদ্দিন মাস্টারের দুটি ও ১৯ এপ্রিল শংকরবাক গ্রামের ছানা মিয়ার একটি গভীর নলকূপের ঘর রাতে পুড়িয়ে দেওয়া হয়। ছানা মিয়া বলেন, ভয়ে রাতে নলকূপ চালানো তো দূরের কথা, বাইরে বের হওয়া যায় না। মাটিহাস গ্রামের কৃষক বছির উদ্দিন প্রামাণিক ও মজিদ প্রামাণিক বলেন, শুধু দিনের বেলায় গভীর নলকূপ চালালে বোরা ধান হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে ওই এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে নারাজ, কারণ পুলিশকে বলে লাভ হয় না। ২২ এপ্রিল উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন বিষয়টি তুলে ধরে তা প্রতিরোধের দাবি জানান। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি।