সন্ত্রাসীদের শিকড় অবশ্যই খুঁজে বের করব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিইজি কিহারা l ছবি: ফোকাস বাংলা
গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিইজি কিহারা l ছবি: ফোকাস বাংলা

রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পরিকল্পিত এই হামলার জন্য যারা সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে, তাদের শিকড় অবশ্যই খুঁজে বের করা হবে। সন্ত্রাসীরা এর আগে গুপ্তহত্যা চালিয়েছে এবং পুরোহিত, ফাদার ও ভিক্ষুদের টার্গেট করেছে। অপরাধে জড়িত অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিইজি কিহারা গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে বাংলাদেশ ও জাপান ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে বলে একমত প্রকাশ করেন প্রধানমন্ত্রী ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে শেখ হাসিনা ফ্রান্স, বেলজিয়াম, জাপান ও ভারতে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, গুলশানে হামলায় নিহত জাপানি নাগরিকদের মৃতদেহের ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হবে। দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জাপানের প্রতিমন্ত্রী। তিনি বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, পারস্পরিক স্বার্থে সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বৈঠকে উপস্থিত ছিলেন।