সোনারগাঁ উপ-জেলার কাচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ১৩টি ইউনিটের সব কারখানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল আটটা থেকে আবার চালু করা হয়েছে। এদিকে কারখানা চালু করার পর গতকাল সকালে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক শ্রমিকনেতা মন্টু ঘোষসহ চার শ্রমিকনেতাকে পিটিয়ে আহত করেছে। কারখানায় কর্মরত শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতার টাকা কম দিয়ে স্থানীয় বহিরাগত নেতা ও সন্ত্রাসীদের হাতে শ্রমিক নির্যাতন ও শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ এনে ২১ মে শ্রমিকেরা ওই কারখানার ১৩টি ইউনিটে ব্যাপক ভাঙচুর করেন। পরে ওই দিনই কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এদিকে কারখানা কর্তৃপক্ষ ১২২ জন শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে গতকাল শনিবার সকালে কারখানা চালু হওয়ার পর বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষের নেতৃত্বে ওই সংগঠনের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর একদল উচ্ছৃঙ্খল যুবক লাঠি দিয়ে মন্টু ঘোষকে পেটালে তাঁর মাথা ফেটে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উচ্ছৃঙ্খল ওই যুবকেরা বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও শ্রমিকনেতা নূরুল ইসলামসহ চারজনকে পিটিয়ে আহত করেছে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম মন্টু ঘোষসহ শ্রমিকনেতাদের পিটিয়ে আহত করার পেছনে কারখানার মালিকপক্ষের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। গার্মেন্টস ট্রেড ইউনিয়নের কেন্দ্রীর কমিটির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম মন্টু ঘোষসহ অন্যান্য শ্রমিকনেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।