সন্ত্রাসীদের হামলায় আহত ইমামের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত মসজিদের ইমাম মো. মোকছেদুর রহমান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাদ্রা গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাসিরপুর জামে মসজিদের ইমাম ছিলেন। নিহত মোছেদুরের বড় ছেলে নাজমুর রহমান বলেন, তাঁর বাবা কোনো রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। ৯ মার্চ সন্ধ্যায় স্থানীয় বাখরগঞ্জ বাজারে গেলে একদল সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আত্মরক্ষার জন্য তিনি পাশের একটি পুকুরে নামেন। সন্ত্রাসীরা তাঁকে পুকুর থেকে তুলে দুই হাত ও পায়ের রগ কেটে দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। মোকছেদুর রহমানের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।