জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা এলাকায় গতকাল মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় পাঁচ ট্রাকচালক আহত হয়েছেন। এর প্রতিবাদে কারখানা থেকে অনির্দিষ্টকালের জন্য সার পরিবহন বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা।তারাকান্দি-সরিষাবাড়ী ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাসী রাজা ও তার লোকজন দীর্ঘদিন ধরে কারখানা এলাকায় সার পরিবহনে নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় গতকাল ট্রাকচালক আবুল কালামকে মারধর করে রাজার লোকজন। এ সময় পরিবহনশ্রমিক ও রাজার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ফজল, কামরুলসহ পাঁচ ট্রাকচালক আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত আবুল কালাম জানান, তিনি প্রতি মাসেই রাজাবাহিনীকে চাঁদা দেন। এবার না দেওয়ায় রাজার লোকজন তাঁকে মারধর করে। এ সময় অন্য চালকেরা এগিয়ে এলে তাঁরাও সন্ত্রাসীদের হামলার শিকার হন।তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জানান, হামলাকারীদের বিচারের দাবিতে কারখানা থেকে অনির্দিষ্টকালের জন্য সার পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব জানান, গতকাল বিকেল থেকে সার পরিবহন বন্ধ রয়েছে। তারাকান্দি পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা বশিরুল আলম জানান, স্থানীয় সন্ত্রাসী রাজা মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।