সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী আহত, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আহত ওই ছাত্রের নাম শ্যামল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শনিবার রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই ১০ জনকে আটক করেছে। থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনারুল ইসলামের কাছ থেকে স্থানীয় সন্ত্রাসী সুজন একটি মুঠোফোন ও ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে বিষয়টি মিনারুল তাঁর বড় ভাই শ্যামল হোসেনকে জানান। রাত ১০টার দিকে মিনারুল ও শ্যামল বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে চা খেতে যান। এ সময় তাঁরা সুজনকে দেখতে পেয়ে মুঠোফোনটি ফেরত দিতে বলেন। কিন্তু সুজন অস্বীকৃতি জানালে বাগিবতণ্ডা বেধে যায়। একপর্যায়ে সুজন তার দলবল নিয়ে লোহার রড, চাকু ও ধারালো অস্ত্র দিয়ে শ্যামলের ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশ জখম হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।পরে মিনারুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই মতিহার থানায় সুজনসহ আট-দশজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ রফিকুল ইসলাম, শান্ত, আসলাম, শাহজাহান, কামাল, মতিন, বিমল, নুরুল, খালেক ও সাজুকে আটক করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তথ্য-প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।